বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে নতুন সরকার গঠনের উদ্যোগ, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে নতুন সরকার গঠনের উদ্যোগ, শপথ আগামী সপ্তাহে

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে নতুন সরকার গঠনের উদ্যোগ, শপথ আগামী সপ্তাহে

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের উদ্যোগ নিয়েছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লক’ আগামী বুধবার নতুন সরকারের শপথ গ্রহণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ জন্য জোটের শরিকদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করার পাশাপাশি পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা চলছে।


বুধবার (২৫ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, যত দ্রুত সম্ভব নতুন জোট চুক্তি স্বাক্ষর করতে চান আইজেনকোট। চলতি সপ্তাহের মধ্যেই আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি কট্টরপন্থি অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গেও আলোচনা চালাচ্ছে তার জোট।


এর আগে আইজেনকোটের দল ইয়াশার এবং আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুর মধ্যে জোট চুক্তি ঘোষণা করা হয়। চুক্তির বিস্তারিত প্রকাশ না হলেও চ্যানেল ১২ জানিয়েছে, নতুন সরকার গঠিত হলে লিবারম্যান প্রতিরক্ষামন্ত্রী এবং অভিবাসন ও শোষণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।


বুধবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, নতুন সরকার সংখ্যালঘু সরকার হবে না; বরং ইহুদি সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করা হবে। ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টিও নতুন সরকারকে সমর্থন দেবে বলে জানান তিনি।


তবে নতুন সরকার গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টরপন্থি অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।


চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড তোরাহ জুদাইজমের সমর্থন পেতে দলটির সঙ্গে আলোচনা চালাচ্ছে ইয়াশার। তবে অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগের প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।


দলটির ধর্মীয় নেতা রাব্বি ডভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শ আইজেনকোটের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়টি হির্শের অনুমোদনের ওপর নির্ভর করছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সপ্তাহের শেষ দিকে দেশে ফেরার কথা।


প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, যারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষায় নিয়োজিত নন, তাদের সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। ধর্মীয় শিক্ষার নামে ভুয়া ছাড় নেওয়া ঠেকাতে যাচাই-বাছাই প্রক্রিয়া কঠোর করার পাশাপাশি অর্থোডক্স ইহুদিদের জন্য সামরিক বাহিনীতে বিশেষ কর্মসূচি ও নিয়োগের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


তবে সামরিক বাহিনীতে নিয়োগ থেকে ব্যাপক ছাড় দেওয়ার আইনি বৈধতা নিয়ে মতবিরোধ এখনো কাটেনি। নির্দিষ্ট নিয়োগের লক্ষ্যমাত্রা বা কোটা না থাকা এবং প্রস্তাবিত ব্যবস্থা সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।


### **সরকার গঠনে ৬১ আসনের সমীকরণ**


ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। আইজেনকোটের নেতৃত্বাধীন চেঞ্জ ব্লকে রয়েছে ইয়াশার, লিবারম্যানের ইসরায়েল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি।


বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তাদের আসন বেড়ে দাঁড়াবে ৬১টিতে। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে।


এদিকে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলোও আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাদের লক্ষ্য, নেতানিয়াহু যাতে নতুন করে সরকার গঠন করতে না পারেন, তা নিশ্চিত করা।


আইজেনকোটের সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। এই সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আরও ১৪ দিন সময় চাইতে পারবেন। তবে এ সময়সীমা দ্বিতীয়বার বাড়ানোর সুযোগ নেই।


তথ্যসূত্র: আনাদোলু