বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ থেকে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। ওই তদন্তের অংশ হিসেবে দেশগুলোর বাণিজ্যিক কার্যক্রম ও নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, ‘সেকশন ৩০১’ আইনের আওতায় চলমান তদন্তে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের নাম রয়েছে। তদন্তের ভিত্তিতে নতুন করে শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, আরও চাপে পড়তে পারে।
নতুন শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এতে রপ্তানি প্রতিযোগিতায় প্রভাব পড়ার পাশাপাশি দেশের তৈরি পোশাক শিল্পের ব্যবসা ও রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।