ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার
ইন্দোনেশিয়ায় একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় ১৩ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে এখনো অন্তত ১৩ জন শ্রমিক আটকা পড়ে আছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার পশ্চিম জাভা প্রদেশের পংকর এলাকায় ভারী বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে খনির ভেতরে পানি ঢুকে পড়লে শ্রমিকেরা আটকা পড়েন। উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ১০০ মিটার গভীর ওই খনিতে শ্রমিকেরা কাজ করছিলেন।
খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। খনির প্রবেশপথ বেশ সরু হওয়ায় উদ্ধারকাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ভেতরের অন্ধকার পরিবেশ ও পিচ্ছিল মাটির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।