ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ
ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। নানা বাধা অতিক্রম করে শুক্রবার (২৭ নভেম্বর) মসজিদটিতে ১০ হাজারের বেশি মুসল্লি উপস্থিত হন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানেও জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। এর মধ্যে দোরা শহর থেকে পাশের খিরবেত হামসা আল-ফাওকা গ্রামের সংযোগ সড়কেও স্থানীয় মুসল্লিরা নামাজে অংশ নেন।
পুরোনো জেরুজালেম শহর এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ থাকলেও মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিম তীর ও গাজা উপত্যকার বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ এবং আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে তিন বছরেরও বেশি সময় ধরে বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে এসব অঞ্চলের বহু ফিলিস্তিনি দীর্ঘদিন ধরে পবিত্র এই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারছেন না।