শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব: শিক্ষামন্ত্রী
শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে দাবি আদায়ে ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করব। তবে ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না।
তিনি আরও বলেন, এনটিআরসির বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান সরকারই করবে। এসব সমস্যা সমাধানের জন্য কাজ চলছে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।
তিনি বলেন, ওই সময়ে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পাঠ্যক্রম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।