রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার পর মিরপুর, কুর্মিটোলা ও উত্তরায় এসব ঘটনা ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর মিরপুর ১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ছাড়া মিরপুর প্রশিকার মোড়েও একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। কুর্মিটোলা গলফ ক্লাব ও উত্তরা নর্থ টাওয়ারের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে।
অন্যদিকে, ঢাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল।