জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: অর্থ উপদেষ্টা
যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশের বাজারে এখনই এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সার, জ্বালানি ও অন্যান্য আমদানিকৃত পণ্যের দামে প্রভাব পড়তে পারে। কারণ এসব পণ্য সাধারণত হরমুজ প্রণালির পথেই আসে।”
তবে তিনি আশ্বস্ত করে বলেন, “বর্তমানে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলেও দেশের অভ্যন্তরে দাম বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই।”
তিনি আরও জানান, চলতি দামে এলএনজি ও সার আমদানির কার্যাদেশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।