হিউম্যানয়েড রোবটে বৈপ্লবিক পরিবর্তন আনছে ফক্সকন ও এনভিডিয়া
মানবাকৃতির রোবট ব্যবহারের মাধ্যমে এআই সার্ভার উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন এবং মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া। দুটি কোম্পানি মিলে এমন এক পরিকল্পনায় কাজ করছে, যা উৎপাদন খাতে নতুন যুগের সূচনা করতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হিউস্টনে ফক্সকনের নতুন কারখানায় পরীক্ষামূলকভাবে এই হিউম্যানয়েড রোবটগুলো ব্যবহার করা হবে। এসব রোবট পণ্য তোলা, নির্দিষ্ট স্থানে স্থাপন, যন্ত্রাংশ সংযোজন এবং কেবল সংযোগের মতো কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবে।
ফক্সকন এবং এনভিডিয়া ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ‘জিবি ৩০০’ মডেলের এআই সার্ভার উৎপাদনের সময়ের মধ্যে রোবটগুলো প্রস্তুত করতে চায়। এ লক্ষ্যে কাজ করছে ফক্সকনের রোবটিকস ইউনিট।
ফক্সকনের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, আগামী নভেম্বরের প্রযুক্তি প্রদর্শনীতে দুটি ধরনের হিউম্যানয়েড রোবট প্রদর্শিত হবে—একটি পায়ে হাঁটতে সক্ষম এবং অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় রোবট। তার মতে, চাকার ওপর চলা রোবটগুলো তুলনামূলকভাবে কম ব্যয়ে কার্যকর হতে পারে।
এনভিডিয়া ইতোমধ্যেই বিশ্বব্যাপী হিউম্যানয়েড রোবট নির্মাতাদের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করছে। এই প্রকল্পের মাধ্যমে তারা রোবটিকস খাতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাবে, যা উৎপাদনশীলতা ও দক্ষতায় নতুন মাত্রা যোগ করবে।