‘ধনী একদল ব্যক্তি’ কিনছে টিকটক: ফক্স নিউজকে ট্রাম্প
টিকটকের মার্কিন অংশ বিক্রি হচ্ছে, ক্রেতা মিলেছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (৩০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ‘এক দল ধনী ব্যক্তি’ টিকটকের মার্কিন শাখা কিনতে যাচ্ছে। তবে এখনই ক্রেতাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।
চীনা মালিকানাধীন বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বহুদিন ধরেই। ২০২4 সালের জানুয়ারিতে টিকটক নিষিদ্ধের ঘোষণাও এসেছিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে সেটি তিনবার পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ ১৯ জুন টিকটককে আরও ৯০ দিনের সময়সীমা দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, বিক্রির বিষয়টি তখনই চূড়ান্ত হবে যখন চীনের সরকার এর অনুমোদন দেবে। তবে ট্রাম্প আশাবাদী যে প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে সম্মতি দেবেন।
ট্রাম্প আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে সম্ভাব্য ক্রেতাদের পরিচয় প্রকাশ করা হবে। তার পরিকল্পনা অনুযায়ী, বিক্রির পর টিকটকের মার্কিন অংশে কমপক্ষে ৫০ শতাংশ মালিকানা থাকবে আমেরিকানদের হাতে।
এর আগে, ওরাকল, ল্যারি এলিসন এবং ইলন মাস্কের নাম সম্ভাব্য ক্রেতা হিসেবে আলোচনায় আসে।
তথ্যসূত্র: ফক্স নিউজ, টেকক্রাঞ্চ