ব্রডব্যান্ডে গতি ও সাশ্রয়—নতুন মূল্য ও লক্ষ্য নির্ধারণ করলো আইএসপিএবি
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ঘোষণা দিয়েছে, তারা গ্রাহকদের জন্য ৭০০ টাকার ফিক্সড ইন্টারনেট প্যাকেজ এখন ৫০০ টাকায় প্রদান করবে। এই সিদ্ধান্ত ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে।
বর্তমানে কোনো আইএসপি (থানা, জেলা, বিভাগীয় বা জাতীয় পর্যায়ে) ৫ এমবিপিএস গতির প্যাকেজ প্রদান করে না। অধিকাংশ প্রতিষ্ঠান গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে। সেই অনুযায়ী, ৫০০ টাকা থেকে শুরু করে ১০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট প্যাকেজ চালু করতে যাচ্ছে আইএসপিএবি।
আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বাংলাদেশ বর্তমানে ১৫৩টি দেশের মধ্যে ৯৮তম অবস্থানে রয়েছে। এই অবস্থান উন্নত করতে আইএসপিএবি গুণগত মানসম্পন্ন সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) এবং রাজস্ব ভাগাভাগি (Revenue Sharing) প্রত্যাহার করে, তাহলে আইএসপিগুলো ভবিষ্যতে ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী গ্রাহকদের ২০ এমবিপিএস ব্যান্ডউইথ দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
এছাড়া ভ্যাট প্রসঙ্গে আমিনুল হাকিম জানান, অনেক গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে আগ্রহ দেখায় না। তবে আইএসপিএবির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে, তারা এই ভ্যাট গ্রাহকদের কাছ থেকে আদায় করে সরকারের কোষাগারে জমা দেবে।
তিনি আরও জানান, গ্রাহকদের লাইসেন্সধারী আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ গ্রহণ এবং প্রতি সংযোগের বিপরীতে মাসিক ফি পরিশোধের সময় রিসিট প্রদানের বিষয়ে আইএসপিগুলোকে উৎসাহিত করা হচ্ছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং সরকার নির্ধারিত ভ্যাট আদায় নিশ্চিত হয়।