বন্যায় অবনতি: প্লাবনের শঙ্কায় ফেনী-নোয়াখালী ও উত্তরের চার জেলা
ফেনী ও নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এই বৃষ্টির ফলে শুধু ফেনী বা নোয়াখালী নয়, দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলাও নতুন করে প্লাবনের শঙ্কায় পড়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও তা ধীরে ধীরে বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এই নদীগুলোর পানি সতর্কসীমা ছুঁয়ে যেতে পারে। এতে করে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলো আংশিকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস বলছে, আগামী একদিনের মধ্যে এই নদীর পানিও সতর্কসীমায় পৌঁছে যেতে পারে, যা সিলেটের নিম্নাঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে।
সিলেটের অন্যান্য নদী যেমন সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীতেও পানি বাড়ার ধারা অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম বিভাগের হালদা ও গোমতী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এসব নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বন্যার প্রভাব পড়তে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। একই ধরনের বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টাতেও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সকলকে নিরাপদে থাকতে এবং নদী অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।