দিনাজপুরে শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ
দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে আটকের প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। একই সঙ্গে জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৬ আগস্ট) রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শ্রমিকরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
বিক্ষোভকারীদের অভিযোগ, জনপ্রিয় নেতা শেখ বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে তারা কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়কে বাস ও ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন।
শ্রমিকদের দাবি, দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীরবন্দরসহ কয়েকটি স্থানেও ব্যারিকেড দেওয়া হয়েছে।
এদিকে, শেখ বাদশাকে কী অভিযোগে বা কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।