সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কমিটির সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
সাক্ষাৎকারে সংসদীয় কমিটি গঠন, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিলসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন চীফ হুইপ।
তিনি জানান, তৃতীয় অধিবেশনের মেয়াদ ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত সময়ের হতে পারে। তবে প্রয়োজন দেখা দিলে অধিবেশনের সময়সীমা বাড়ানো হবে।
চীফ হুইপ বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর দ্রুত সংসদীয় কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, কমিটিগুলো সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।