ইসি’র ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে
নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের নামের পাশে আর নৌকা প্রতীক নেই।
এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশ্ন তোলেন—কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক কেন আবার তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে?
উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।
একই দিনে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দলের নিবন্ধনও স্থগিত করে।