স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো একই দিনে নেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
‘২২ জুলাইয়ের পরীক্ষা সকাল বেলা এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কবে পরীক্ষা নেওয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিতের ঘোষণা আসে।
পরীক্ষার রুটিন অনুযায়ী—
২২ জুলাই ছিল: রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
২৪ জুলাই নির্ধারিত ছিল: অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র