শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিবিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই

favicon
অনলাইন সংস্করণ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।


তার ছেলে জেহান আলী জানান, মরহুমের জানাজা বাদ জোহর ধানমন্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হবে।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "ড. শমশের আলীর মৃত্যু দেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।"


১৯৪০ সালের ৯ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন শমশের আলী। তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পদার্থবিজ্ঞানে ১৯৫৯ সালে অনার্স ও ১৯৬০ সালে মাস্টার্স করেন। ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে কর্মজীবন শুরু করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিয়ে ১৯৬৫ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেন।


পরবর্তীতে দেশে ফিরে ঢাকার আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে যোগ দেন। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যুক্ত হন। ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ২০০২ সালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলা একাডেমির ফেলো, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটির সদস্য ছিলেন।


তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে:


পবিত্র কোরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত


বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম অবদান


আলাদিনস রিয়েল ল্যাম্প: সায়েন্স অ্যান্ড টেকনোলজি


এই মহান বিজ্ঞানীর মৃত্যুতে জাতি হারাল একজন অনন্য গবেষক ও জ্ঞানতাপসকে।