টেলিযোগাযোগ খাতে নতুন কিউওএস নীতিমালা অনুমোদন, ৪জি গতির ন্যূনতম সীমা ১০ এমবিপিএস
দেশের টেলিযোগাযোগ খাতে সেবার মান উন্নয়নে নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি এই নীতিমালা সম্প্রতি কমিশনের বৈঠকে পাস হয়েছে, যা মোবাইল অপারেটর, এনটিটিএন ও আইএসপি সেবাদাতাদের জন্য প্রযোজ্য হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, ফোরজি নেটওয়ার্কে ন্যূনতম ডাউনলোড স্পিড ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। নেটওয়ার্ক পারফরম্যান্স ও হেলথ চেক বিটিআরসি প্রতি মাসে তদারকি করবে। নীতিমালা আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এছাড়া অপারেটরদের জন্য মাসিক রিপোর্ট জমা বাধ্যতামূলক করা হয়েছে। সূচকগুলোকে ভাগ করা হয়েছে—অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও নেটওয়ার্ক ইন্টিগ্রিটি হিসেবে। সবচেয়ে খারাপ পারফর্ম করা ৫০টি সেল সাইট আলাদা তালিকায় রাখতে হবে, যাতে দুর্বল এলাকা দ্রুত শনাক্ত ও সমাধান সম্ভব হয়।
ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনির ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে—কলড্রপ সর্বাধিক ১%, কল সেটআপ সাফল্য ন্যূনতম ৯৯%, এবং কল সংযোগ সময় ৬ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
ইন্টারনেট সেবায় লোকাল ট্র্যাফিক সংযোগ সময় সর্বোচ্চ ২৫ মিলিসেকেন্ড, ডেটা লস ১%-এর কম এবং নেটওয়ার্ক প্রাপ্যতা ন্যূনতম ৯৯% থাকতে হবে।
গ্রাহকসেবা ক্ষেত্রেও নতুন মানদণ্ড যোগ করা হয়েছে। নেটওয়ার্ক-সংক্রান্ত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে সমাধান করতে হবে। পাশাপাশি, গ্রাহকসেবা কেন্দ্রে আসা ৯০% কল ৪০ সেকেন্ডের মধ্যে এবং সব কল সর্বোচ্চ ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে।
প্রধান উপদেষ্টা ও তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন নীতিমালা অপারেটরদের জবাবদিহি নিশ্চিত করবে এবং দেশের গ্রামীণ ও শহরতলিসহ সব অঞ্চলে সেবার মান উন্নত করতে সহায়তা করবে।