শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিগুগলের সার্চ ব্যবসা ভাঙা হবে না, তবে আচরণে বড় পরিবর্তনের নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

গুগলের সার্চ ব্যবসা ভাঙা হবে না, তবে আচরণে বড় পরিবর্তনের নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

favicon
অনলাইন সংস্করণ
গুগলের সার্চ ব্যবসা ভাঙা হবে না, তবে আচরণে বড় পরিবর্তনের নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

গুগলকে তার সার্চ ব্যবসা ভাঙতে হবে না, তবে অ্যান্টি-কম্পিটিটিভ আচরণ ঠেকাতে টেক জায়ান্টের ব্যবসায়িক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র জেলা আদালতের বিচারক অমিত পি. মেহতা প্রাথমিক প্রতিকারমূলক ব্যবস্থা ঘোষণা করেন। তার নির্দেশ অনুযায়ী, গুগল আর সার্চ, ক্রোম, গুগল অ্যাসিস্ট্যান্ট বা জেমিনিকে অন্য অ্যাপস কিংবা রাজস্ব চুক্তির সঙ্গে বেঁধে রাখতে পারবে না। অর্থাৎ প্লে স্টোর লাইসেন্স শর্তে কোনো নির্দিষ্ট অ্যাপ বিতরণ বাধ্যতামূলক করা বা রাজস্ব ভাগাভাগির চুক্তির মাধ্যমে অ্যাপ রাখার শর্ত চাপানো যাবে না।


এ ছাড়া গুগলকে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্দিষ্ট সার্চ ইনডেক্স ও ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন ডেটা ভাগাভাগি করতে হবে। একই সঙ্গে সার্চ ও সার্চ বিজ্ঞাপন সেবা প্রতিদ্বন্দ্বীদের স্ট্যান্ডার্ড রেটে দিতে হবে, যাতে তারা প্রযুক্তি উন্নয়ন ও মানসম্মত ফলাফল প্রদানে সক্ষম হয়।


তবে এখনো এটি চূড়ান্ত রায় নয়। বিচারক মেহতা গুগল ও মার্কিন বিচার বিভাগকে (ডিওজে) আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আলোচনার মাধ্যমে তার মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সংশোধিত চূড়ান্ত রায় জমা দিতে বলেছেন।


এই প্রতিকারমূলক নির্দেশ আসে এক বছর পর, যখন মেহতা রায় দেন যে গুগল অনলাইন সার্চ বাজারে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে। রায় কার্যকর হওয়ার ৬০ দিন পর থেকে ছয় বছরের জন্য একটি টেকনিক্যাল কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করবে।


বিচার বিভাগ আরো কঠোর ব্যবস্থা চেয়েছিল। তারা গুগলকে ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড বিক্রি করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে করা সেই বিলিয়ন ডলারের চুক্তিগুলোও বাতিল করতে বলেছিল, যার মাধ্যমে গুগল তাদের ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে জায়গা কিনেছিল।


সংবাদ প্রকাশের পর অ্যাপলের শেয়ারের দাম বেড়ে যায়, কারণ গুগলের সঙ্গে তাদের লাভজনক চুক্তি বহাল থাকবে—যদিও তা একচেটিয়া নাও হতে পারে। কেবল ২০২১ সালেই গুগল ডিফল্ট সার্চ নিশ্চিত করতে ২৬ বিলিয়ন ডলার ব্যয় করে, যার মধ্যে প্রায় ১৮ বিলিয়ন ডলার অ্যাপলকে দেওয়া হয়।


বিচারক মেহতা বলেন, অধিকাংশ ব্যবহারকারী ডিফল্ট সার্চেই থেকে যাওয়ায় এই জায়গাগুলো অত্যন্ত মূল্যবান। ফলে প্রতিদ্বন্দ্বীরা কার্যত বাজারে টিকে থাকার সুযোগ হারায়।


ডিওজে গুগলকে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ ইনডেক্স, ব্যবহারকারীর তথ্য, সিন্থেটিক কোয়েরি ও বিজ্ঞাপন ডেটা ভাগাভাগি করার প্রস্তাবও দিয়েছিল—ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার শর্তে।


বর্তমানে গুগল বৈশ্বিক সার্চ বাজারের প্রায় ৯০ শতাংশ দখলে রেখেছে। গুগলের সিইও সুন্দর পিচাই সতর্ক করে বলেছেন, জোরপূর্বক ডেটা ভাগাভাগি মানে কার্যত সার্চ ব্যবসাকে বিভাজন করা।


মেহতা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের উদাহরণ টেনে বলেন, সেখানে গুগলকে তৃতীয় পক্ষের সঙ্গে নির্দিষ্ট ডেটা ভাগাভাগি করতে হয়। তবে যুক্তরাষ্ট্রে তার নির্দেশ ইউরোপের তুলনায় অনেক সীমিত ও অস্থায়ী।


বিশেষজ্ঞরা বলছেন, এই রায় গুগলের অন্যান্য অ্যান্টিট্রাস্ট মামলার ফলাফলেও প্রভাব ফেলতে পারে। ২০২৫ সালের এপ্রিলে গুগলকে বিজ্ঞাপন প্রযুক্তি বাজারে অবৈধভাবে আধিপত্য বিস্তারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সেই মামলার প্রতিকার শুনানি শুরু হবে সেপ্টেম্বরের শেষে।


আইন বিশেষজ্ঞ উইলিয়াম কোভাচিক মন্তব্য করেন, একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই সময়ে দুটি বড় অ্যান্টিট্রাস্ট মামলার প্রতিকার প্রক্রিয়া আগে কখনো দেখা যায়নি। তিনি আরো বলেন, এখনো গুগলের আপিল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া বাকি। সব প্রক্রিয়া শেষ হতে ২০২৭ সালের শেষ কিংবা ২০২৮ সালের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে।


সূত্র: দ্য গার্ডিয়ান ও টেক ক্রাঞ্চ।