শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিফেসবুক-ইউটিউবসহ প্রধান সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা নেপালের

ফেসবুক-ইউটিউবসহ প্রধান সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা নেপালের

favicon
অনলাইন সংস্করণ
ফেসবুক-ইউটিউবসহ প্রধান সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা নেপালের

ফেসবুক, ইউটিউবসহ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বন্ধ করার ঘোষণা দিয়েছে নেপাল সরকার। সরকারের নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।


নেপাল সরকারের ভাষ্য অনুযায়ী, ভুয়া আইডির মাধ্যমে দেশে ঘৃণা ও গুজব ছড়ানো, সাইবার অপরাধ সংঘটন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের মতো কর্মকাণ্ড বেড়ে গেছে। অথচ তিন কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।


রয়টার্স জানায়, বুধবার পর্যন্ত নিবন্ধনের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার নেপাল টেলিকমিউনিকেশন অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার বন্ধের নির্দেশ দেয় সরকার।


মন্ত্রণালয়ের মুখপাত্র গজেন্দ্র কুমার ঠাকুর জানান, “নিবন্ধনবিহীন সামাজিক মাধ্যমগুলো আজ থেকে নিষ্ক্রিয় করা হবে।”

যোগাযোগ ও আইটি মন্ত্রী প্রিথ্বি সুব্বা গুরুং বলেন, “আমরা বারবার নিবন্ধনের আহ্বান জানিয়েছি এবং যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু তারা উপেক্ষা করায় বাধ্য হয়েই তাদের কার্যক্রম বন্ধ করতে হলো।”


মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ), ইউটিউব, এক্স, রেডিট এবং লিংকডইনকে বুধবারের মধ্যে নিবন্ধনের জন্য বলা হয়েছিল। তবে এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারও এসব প্ল্যাটফরমে প্রবেশ করা যাচ্ছিল।