আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) : বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবস
আজ ১২ রবিউল আউয়াল। এই দিনে মুসলিম বিশ্বের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও ইহলোক ত্যাগ করেন। তাই দিনটি বিশ্বব্যাপী মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।
মক্কার কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। তার পিতা আবদুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন এবং ছয় বছর বয়সে মা আমিনাকেও হারান। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে রাসুল (সা.) পরলোক গমন করেন।
এই উপমহাদেশে প্রায় ৪০০ বছর ধরে মিলাদুন্নবী পালনের ঐতিহ্য রয়েছে। সুন্নি আলেমরা মনে করেন, শরিয়তসম্মতভাবে এ দিবস পালনের তাৎপর্য রয়েছে। তবে কিছু ইসলামী চিন্তাবিদের মধ্যে এ নিয়ে মতভেদও আছে।
ইসলামী আলেমরা বলেন, মহানবীর আগমন সমগ্র বিশ্বের জন্য রহমত। এ দিনে মুসলিমরা মিলাদ মাহফিল, নফল রোজা, দোয়া মাহফিল ও ধর্মীয় আলোচনার আয়োজন করে থাকেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, মহানবী (সা.) সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন এবং মুসলমানদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। তার জীবনাদর্শ মুসলমানদের জন্য চিরন্তন অনুসরণীয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে উল্লেখ করেন, রাসুল (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এ ছাড়া ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীসহ প্রধান শহরগুলোতে নিরাপদে জামাত ও শোভাযাত্রা আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।