রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে বৃষ্টি, বজ্রসহ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
বুধবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।