সৌদির সঙ্গে নতুন অধ্যায় চাই: ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যের ডাক হিজবুল্লাহ প্রধানের
লেবাননে ইসরায়েলি হামলার পর সৌদি আরবকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাশেম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর তিনি এ মন্তব্য করেন।
কাশেম বলেন, হিজবুল্লাহর ওপর চাপ সৃষ্টি করা মানেই ইসরায়েলকে সুবিধা দেওয়া। তাই ইসরায়েলকে প্রতিহত করতে সৌদি আরবের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় সংগঠনটি।
তিনি জানান, এই সম্পর্ক তিনটি মূলধারার ওপর ভিত্তি করে হতে পারে—ইসরায়েলকে যৌথ শত্রু হিসেবে স্বীকৃতি দেওয়া, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং পুরোনো মতবিরোধ নিরসন।
ইরান-সমর্থিত এ সংগঠনের শীর্ষ নেতা আরও বলেন, “পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র নয়, কেবল ইসরায়েলকেই আমরা শত্রু মনে করি।”
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক ও আদর্শগত বিরোধের কারণে ২০১৬ সালে সৌদি নেতৃত্বাধীন গাল্ফ কো-অপারেশন কাউন্সিল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।