এইচ-ওয়ান বি ভিসার ফি এক লাফে এক লাখ ডলার, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত
দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে এখন থেকে আরও এক লাখ ডলার গুনতে হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এমন একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে এইচ-ওয়ান বি ভিসার বার্ষিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে এক লাফে ১ লাখ ডলারে উন্নীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
২০০৪ সালে চালু হওয়া এইচ-ওয়ান বি কর্মসূচির আওতায় প্রতি বছর ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে দক্ষ পেশাজীবীরা এ ভিসার আওতায় নিয়োগ পান।
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগ বলছে, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টগুলো এ কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। এতদিন এসব কোম্পানিকে বার্ষিক ১ হাজার ৫০০ ডলার ফি দিতে হলেও এখন থেকে তা হবে এক লাখ ডলার।
এছাড়া নতুন আরেক আদেশে ট্রাম্প সরকার ঘোষণা করেছে, নির্দিষ্ট কিছু খাতের অভিবাসীদের জন্য দ্রুত ভিসা প্রদানে ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করা হচ্ছে। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে আরও বেশি।
সূত্র: বিবিসি ও রয়টার্স।