অক্টোবরের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী অক্টোবরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
শুক্রবার তিনি বলেন, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। “আমরা আশা করছি, আগামী মাসের মাঝামাঝি ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।