ইলন মাস্কের নতুন চমক: মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী সফটওয়্যার কোম্পানি ‘ম্যাক্রোহার্ড’
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংস্থা xAI–এর মাধ্যমে আবারও প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলতে যাচ্ছেন ইলন মাস্ক। সম্প্রতি ‘গ্রক ৪’ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আত্মপ্রকাশের পর এবার তিনি ঘোষণা দিয়েছেন নতুন সফটওয়্যার কোম্পানি ‘ম্যাক্রোহার্ড’ গঠনের পরিকল্পনা।
মাস্ক জানিয়েছেন, ‘ম্যাক্রোহার্ড’ হবে সম্পূর্ণ এআই-চালিত সফটওয়্যার প্রতিষ্ঠান, যা সরাসরি মাইক্রোসফটকে চ্যালেঞ্জ জানাবে। প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা ইউহুয়াই উ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ জানিয়েছেন, তারা নতুন একটি দল গঠন করছেন, যারা “কম্পিউটার কন্ট্রোল এজেন্ট” তৈরি করবে।
এই দল একই সঙ্গে গ্রক ৫-এর উন্নয়ন এবং ‘ম্যাক্রোহার্ড’ প্রকল্প এগিয়ে নেবে। মাস্কের দাবি, গ্রক ৫-এর ট্রেনিং শিগগিরই শুরু হবে এবং ২০২৫ সালের শেষ নাগাদ এটি বাজারে আসবে।
‘ম্যাক্রোহার্ড’ নামটি রাখা হয়েছে ব্যঙ্গাত্মকভাবে—মাইক্রোসফটের ‘Micro’-এর পরিবর্তে ‘Macro’ এবং ‘Soft’-এর পরিবর্তে ‘Hard’ ব্যবহার করা হয়েছে। মাস্ক মনে করেন, মাইক্রোসফটের মতো সফটওয়্যার জায়ান্টকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুনভাবে সংজ্ঞায়িত করা সম্ভব।
অন্যদিকে, মাইক্রোসফটও পাল্লা দিয়ে এগোচ্ছে। প্রতিষ্ঠানটি ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করেছে এবং নিজেদের এআই মডেল তৈরির কাজ করছে। তাদের অফিস ৩৬৫-এ যুক্ত করা হয়েছে আরও উন্নত কোপাইলট ফিচার। ফলে আগামী দিনে প্রযুক্তি খাত হয়ে উঠতে যাচ্ছে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে