দূতাবাস থেকে ছবি অপসারণে ক্ষোভ, পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিলেন রাষ্ট্রপতি
বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।
রাষ্ট্রপতি ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ওই চিঠিতে স্বাক্ষর করেন। তবে চিঠি পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রপতির বক্তব্য
চিঠিতে রাষ্ট্রপতি লেখেন,
“রাষ্ট্রপতির আসনে আসীন অবস্থায় আমার ছবি অপসারণের বিষয়টি দৃষ্টিকটু। সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছি এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রায় অর্ধশত অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগতভাবে শক্ত অবস্থানে রেখেছি। দেশের সংকটকালে (৫–৮ আগস্ট ২০২৪) আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য ছিল।”
রাষ্ট্রপতি বলেন, সরকারের শূন্য পোর্ট্রেট নীতি বাস্তবায়নে তার পূর্ণ সমর্থন আছে। তবে এটি যদি কৌশলগতভাবে করা হতো, তাহলে গণমাধ্যমে নেতিবাচক আলোচনার খোরাক হতো না।
তিনি আরও উল্লেখ করেন,
“এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবি সরিয়ে ফেলা হয়েছে। এতে শুধু গণমাধ্যমেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ক্ষুণ্ন হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি অপমানিত।”
চিঠির সমাপ্তি
চিঠির শেষে রাষ্ট্রপতি জানান, এ বিষয়ে তার কোনো অনুযোগ নেই, তবে রয়েছে আক্ষেপ ও আর্তনাদ।