অনলাইন জুয়া প্রতিরোধে সরকার কঠোর, এমএফএস ও ফোন নম্বর ব্লক হবে
সরকার অনলাইন জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, জুয়ায় জড়িত মোবাইল নম্বর ও এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্ট যাচাইয়ের পর ব্লক করা হবে। এছাড়া অনলাইন বেটিংয়ে জড়িত ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়ও বিবেচনাধীন।
সোমবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে “অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়” শীর্ষক সভায় তিনি জানান, বিটিআরসি ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেইল পাঠানো শুরু করেছে এবং প্রায় ৫ হাজার এমএফএস হিসাব ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।
সরকার একটি কমন ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, প্ল্যাটফর্ম ও অপারেটররা তথ্য সংরক্ষণ ও নজরদারি করবে। এছাড়া সিম ও এমএফএসের ইকেওয়াইসি সমন্বয়ের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “আগামী ১৬ ডিসেম্বরের পর সিম সংখ্যা ১০টিতে সীমিত করলে জুয়া প্রতিরোধে এটি সহায়ক হবে। পাশাপাশি জুয়া খেলা ব্যক্তিদের শনাক্ত করাও জরুরি।”
বিকাশসহ পেমেন্ট সিস্টেম এজেন্সির প্রতিনিধি জানান, সিম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সমন্বয় করলে অনলাইন জুয়ার সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব। ইতোমধ্যে গত দুই সপ্তাহে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে এবং ক্রলিং ইঞ্জিন ব্যবহার করে অনলাইন ট্র্যাকিং প্রক্রিয়া উন্নয়ন করা হচ্ছে।
সভায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সার্ভিস, আইন প্রয়োগকারী সংস্থা ও এমএফএসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।