গরুর মাংসের দাম বাড়াতে কারসাজির অভিযোগ, তদন্তের নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় বড় মাংস প্রক্রিয়াজাত (মিটপ্যাকিং) কোম্পানিগুলোর বিরুদ্ধে বাজার কারসাজির অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করতে জাস্টিস বিভাগকে নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি জাস্টিস বিভাগকে নির্দেশ দিয়েছি মাংস প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত করতে, যারা অবৈধভাবে মূল্য নির্ধারণ ও বাজারে কারসাজির মাধ্যমে গরুর মাংসের দাম বাড়াচ্ছে।”
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, কৃষি সচিব ব্রুক রোলিন্স এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গেইল স্লেটারের নেতৃত্বে তদন্ত চলছে। স্লেটার বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগের প্রধান, যা প্রতিযোগিতা ও পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয় তদারকি করে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের চারটি বড় কোম্পানি—টাইসন ফুডস, কারগিল, জেবিএস ইউএসএ এবং ন্যাশনাল বিফ প্যাকিং কোম্পানি—দেশটির প্রায় ৮৫ শতাংশ গরুর মাংস প্রক্রিয়াজাত করে। এরা খুচরা বিক্রেতাদের কাছে স্টেক, রোস্টসহ বিভিন্ন মাংসজাত পণ্য সরবরাহ করে।
যদিও এখনো কোনো নির্দিষ্ট কোম্পানির নাম তদন্তে উল্লেখ করা হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি খরা, গবাদি পশুর খাদ্যসংকট ও চারণভূমির ঘাটতির কারণে গরুর পালের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এর ফলে গরুর মাংসের দামও ঐতিহাসিকভাবে বেড়েছে—গত সেপ্টেম্বরে গ্রাউন্ড চাক বিফ প্রতি পাউন্ডে ৬.৩৩ ডলারে বিক্রি হয়, যা গত বছরের তুলনায় প্রায় ১৩.৫ শতাংশ বেশি।
অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভোক্তারা বিপাকে পড়ছেন। গত অক্টোবরের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ নাগরিক জীবনযাত্রার ব্যয়কে আসন্ন নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন।
এছাড়া ডিম উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধেও মূল্য কারসাজির অভিযোগে জাস্টিস বিভাগ পৃথক তদন্ত শুরু করেছে।
সূত্র: রয়টার্স