ইউটিএম মালয়েশিয়ায় প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থী আবদুল্লাহ আল নাহিদ
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থী আবদুল্লাহ আল নাহিদ। ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া কুয়ালালামপুরের (ইউটিএমকেএল) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি (আইএসএস)-এর ২০২৫–২৬ সেশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।
আইএসএস-এর ইতিহাসে এটাই প্রথম, কোনো বাংলাদেশি শিক্ষার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এমন সর্বোচ্চ আন্তর্জাতিক নেতৃত্বের পদে জয় পেলেন। ১,২৪৯ জন ভোটারের মধ্যে নাহিদ পেয়েছেন ৬৮.৭% ভোট, যা তাকে নিরঙ্কুশ বিজয়ী করে তুলেছে। ক্যাম্পাসে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সহপাঠীদের আস্থাই তাকে এই সাফল্য এনে দিয়েছে।
নাহিদের নেতৃত্বযাত্রা ইউটিএমকেএলে শুরু হয় ২০২৩ সালে স্বেচ্ছাসেবী হিসেবে। এরপর তিনি ২০২৩–২৪ সেশনে ভাইস ট্রেজারার এবং ২০২৪–২৫ সেশনে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ইউটিএম জোহর ক্যাম্পাসে আইএসএস সেন্ট্রালের মাল্টিমিডিয়া ও প্রোমোশন কমিটির প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। সময়নিষ্ঠা, পরিকল্পনা ও সমন্বয় দক্ষতার জন্য কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেছেন।
বর্তমানে তিনি ইউটিএমকেএলে কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। প্রযুক্তি, নেতৃত্ব ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি ক্যাম্পাসে তরুণ নেতৃত্বের উজ্জ্বল মুখ হিসেবে পরিচিত।
শিক্ষাজীবনের পাশাপাশি নাহিদ প্রতিষ্ঠা করেছেন ‘দ্য ল্যাব থার্টিন’, যা একটি উদ্ভাবনভিত্তিক যুব ও সমাজকেন্দ্রিক প্ল্যাটফর্ম। তিনি ইউনিসেফ, ইউনেস্কো, আইসেক মালয়েশিয়া, আইএসএসবিডি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী কার্যক্রমেও যুক্ত রয়েছেন দীর্ঘদিন।
এ নির্বাচনে নাহিদ অংশ নেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভান্সমেন্ট প্যানেল (আইএসএপি) থেকে। তাদের ইশতেহারে ছিল—আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত সমস্যার সমাধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপ বৃদ্ধি, এডু-ট্যুরিজম ও ইন্ডাস্ট্রি ভিজিট চালু, এবং আরও অন্তর্ভুক্তিমূলক আইএসএস কমিউনিটি গড়ে তোলা।
বিজয়ের পর নাহিদ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধান, স্বচ্ছ নেতৃত্ব ও সবার জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
ইউটিএম-এর বাংলাদেশি কমিউনিটি এবং প্রবাসী শিক্ষার্থীরা তার এ অর্জনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল অগ্রযাত্রা হিসেবে দেখছেন।