শিক্ষাকেন্দ্রে রাজনীতির প্রভাবহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান শিক্ষা উপদেষ্টার
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। তিনি বলেন, “শিক্ষাকেন্দ্রে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে নেই। শিক্ষকদেরই এই পরিবেশ রক্ষা করতে বড় ভূমিকা রাখতে হবে।”
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সি আর আবরার বলেন, বাংলাদেশের শিক্ষাখাতে প্রয়োজনীয় বিনিয়োগ দীর্ঘদিন ধরে হয়নি। শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর ভাতা তাদের ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি বলেন, “আগে এসব কাজ স্বেচ্ছাচারীভাবে করা হয়েছে। যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল, সেখানে এখন অর্থ নেই। ফলে শিক্ষকদের পাওনা সময়মতো দেওয়া যাচ্ছে না।”
তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। শুধু পাঠদান নয়, নৈতিকভাবে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও তাদের ওপর বর্তায়।
শিক্ষা উপদেষ্টা অভিযোগ করেন, কিছু শিক্ষকের রাজনীতিতে সম্পৃক্ততার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “যারা রাজনীতি করবেন তারা অবশ্যই করবেন, কিন্তু শিক্ষাকেন্দ্রে রাজনীতি ঢুকিয়ে তা কলুষিত করার কোনো যৌক্তিকতা নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই রাজনীতিমুক্ত রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আরও বক্তব্য রাখেন মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান, ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান এবি এম সাত্তার, অধ্যাপক রিজভী জামান ও অধ্যাপক কাকলি মুখোপাধ্যায়।
স্বাগত বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃধা রেজাউল করিম।