রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজনগণের রাজনীতি করি, ধর্মকে ব্যবহার করি না: ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমির

জনগণের রাজনীতি করি, ধর্মকে ব্যবহার করি না: ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
জনগণের রাজনীতি করি, ধর্মকে ব্যবহার করি না: ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যক্তি বা নির্দিষ্ট দলের স্বার্থে নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। ধর্ম নিয়ে কাজ করাই তাদের মূল উদ্দেশ্য, তবে দলটি কখনোই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না। সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।


বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ডা. শফিকুর রহমান বলেন, ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন আসন্ন নির্বাচনের জন্য জামায়াত কতটা প্রস্তুত এবং সাধারণ নির্বাচন ও গণভোট একই দিনে হলে কোনো জটিলতা তৈরি হবে কি না। তাদের জানানো হয়েছে, দেশের বেশিরভাগ মানুষ বিষয়টি সম্পর্কে খুব বেশি সচেতন নয়, ফলে একই দিনে দুই নির্বাচন হলে বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা রয়েছে। এ কারণেই দুটি নির্বাচন আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সরকার চাইলে এখনও তা করা সম্ভব।


তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াত একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়। কোনো রাজনৈতিক দলকে বাদ না দিয়ে দেশের স্বার্থে সবার অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা তাদের। স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনীতি পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য হবে।


দুর্নীতি দমন ও সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি জানান, এই দুই বিষয়ে যারা একমত হবেন, জামায়াত তাদের সঙ্গে মিলে সরকার গঠনে আগ্রহী।


খালেদা জিয়ার অসুস্থতা রাজনীতিতে সংকট সৃষ্টি করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা বা অসুস্থতা সৃষ্টিকর্তার বিষয়। দেশবাসী তার সুস্থতা কামনা করে দোয়া করছে, তবে কোনো ব্যক্তির অসুস্থতা রাষ্ট্র বা সমাজের গতিপথ থামিয়ে দিতে পারে না।


তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত জরুরি। এ সময়সীমায় সামান্য পরিবর্তন ঘটলেও দেশ গভীর সংকটে পড়তে পারে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।