ফাঁস হওয়া অনলাইন বৈঠকের ভিডিওতে নতুন বিতর্ক: ইসলামী ব্যাংক–জামায়াত সংযোগ নিয়ে প্রশ্ন
ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও আলোচনায় এসেছে ব্যাংকটির কর্মকর্তা ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁস হওয়ার পর।
ফাঁস হওয়া ওই ভিডিওতে ইসলামী ব্যাংকের ইনডিপেনডেন্ট পরিচালক মো. আব্দুল জলিলসহ কয়েকজনকে ভোটকেন্দ্রের ভেতর–বাইরের দায়িত্ব বণ্টন ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে শোনা যায়। সামাজিক মাধ্যমে ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী মনে করেন, এই ধরনের আলোচনার ভিডিও নির্বাচনের আগে উদ্বেগ বাড়ায়। তিনি বলেন, নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্য ও আচরণ আরও সতর্ক হওয়া প্রয়োজন। বক্তব্যগুলো সত্য হলে নির্বাচন বিতর্কিত হওয়ার ঝুঁকি আছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিযুক্ত জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। যমুনা টেলিভিশনকে তিনি বলেন, বৈঠকে কেবল ব্যাংক কর্মকর্তাই নয়—ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা নিয়মিত আলোচনার অংশ হিসেবে যোগ দেন। তার দাবি, নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়ে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছিল মাত্র, যা কোনোভাবেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নয়।
তিনি আরও বলেন, কেউ যদি ভোট দিতে চান, তাহলে তাকে দায়িত্বমুক্ত থাকতে হবে। আর দায়িত্ব পালন জরুরি মনে হলে সংগঠনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে—এটাই বৈঠকে বলা হয়েছে।
অপরদিকে, ইসলামী ব্যাংকের পরিচালক মো. আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এ ঘটনায় নির্বাচন কমিশন জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আর নির্বাচনি দায়িত্বে রাখা হবে না।