শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষাসাত কলেজ ঘিরে বিতর্কের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাত দফা অগ্রগতি ঘোষণা

সাত কলেজ ঘিরে বিতর্কের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাত দফা অগ্রগতি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
সাত কলেজ ঘিরে বিতর্কের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাত দফা অগ্রগতি ঘোষণা

রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে আন্দোলনের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিষয়ে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন।


শিক্ষা মন্ত্রণালয়ের সাত অগ্রগতি ও সিদ্ধান্ত


১. সাত কলেজের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাঠানো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন করা হচ্ছে।


২. অংশীজনদের মতামত সংগ্রহের জন্য খসড়াটি গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে ৫ হাজারের বেশি মতামত জমা পড়ে। পাশাপাশি তিনটি মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়–বিভাগ থেকে মতামত নেওয়ার কাজ শেষ হয়েছে। এসব মতামত যাচাই করে খসড়াটি সংশোধন করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে পারে।


৩. খসড়া চূড়ান্তকরণের পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। যাতে অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বিঘ্নিত না হয়। ১১ নভেম্বর ভর্তি–রেজিস্ট্রেশন বিষয়ে ডু, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসিসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।


৪. ২০২৪–২৫ শিক্ষাবর্ষে অন্তর্বর্তী প্রশাসকের বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি ইউনিটে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। মোট ১০ হাজার ১৯৪ জন ভর্তি হন এবং এর মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন করেন। এছাড়া ভর্তি ও পাঠদান পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েল অনুমোদন করা হয়েছে।


৫. শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে ৪ ডিসেম্বর অধ্যক্ষ এবং ৭ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। বিদ্যমান একাডেমিক কাঠামোতে ক্লাস পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। শীতকালীন ছুটির পর ১ জানুয়ারি ২০২৬ থেকে নবভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব বলে শিক্ষকরা আশা করছেন।


৬. সাত কলেজের স্বাতন্ত্র্য, নারীদের জন্য নির্ধারিত কলেজগুলোর বৈশিষ্ট্য, শিক্ষক-কর্মকর্তাদের পদ রক্ষা, সম্পত্তির মালিকানা, মাধ্যমিক শিক্ষা কার্যক্রম, এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের সম্পর্কসহ সব বিষয় বিবেচনায় নিয়ে অধ্যাদেশের খসড়া সংশোধন করা হচ্ছে। মন্ত্রণালয় সময়সাপেক্ষ এই প্রক্রিয়ায় সকলের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।


৭. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনে করে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই সব অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষায় এবং ইতিবাচক একাডেমিক পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেবিষয়ে সবার সচেতন থাকার আহ্বানও জানানো হয়।