শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত তোসিকুর ইসলামের মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত তোসিকুর ইসলামের মরদেহ হস্তান্তর

favicon
ভোরের আলো ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত তোসিকুর ইসলামের মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় গুলিতে নিহত বাংলাদেশি যুবক তোসিকুর ইসলাম (৩২)-এর মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে।


নিহত তোসিকুর ইসলাম সদর উপজেলার বাখর আলী ইউনুস মণ্ডলের টোলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ মরদেহ গ্রহণের পর তা পরিবারের কাছে হস্তান্তর করেছে।


বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে বিজিবি–বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ মরদেহটি গ্রহণ করেন। এর আগে নিহতের বাবা ইব্রাহীম আলী মরদেহ শনাক্ত করেন।


পুলিশ জানায়, কাগজপত্র ও প্রাথমিক পরীক্ষার পর মরদেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এর আগে গত বুধবার ভারতীয় পুলিশ নদী থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের তথ্য জানালে তোসিকুরের বাবা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও প্রক্রিয়া শুরু করে।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার জহুরপুর সীমান্তে প্রথম দফা পতাকা বৈঠকে বিজিবি নিহতের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র বিএসএফকে সরবরাহ করে। পরদিন বিএসএফ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হস্তান্তরের সময় জানায়। শুক্রবার আন্তর্জাতিক সীমান্ত পিলার ২৩/৮ এস-এর কাছে দ্বিতীয় দফা পতাকা বৈঠকে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।


তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, মরদেহটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি নদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, যা সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে। ঘটনার তদন্ত শেষে বিজিবি পরবর্তী পদক্ষেপ নেবে।