বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বিএনপি ক্ষমতায় এলে কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে: আব্দুস সালাম

বিএনপি ক্ষমতায় এলে কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে: আব্দুস সালাম

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপি ক্ষমতায় এলে কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণির মানুষের উন্নয়ন নিশ্চিত হবে। কৃষকের প্রয়োজনীয় সার ও বিদ্যুৎ ন্যায্যমূল্যে সঠিকভাবে সরবরাহ করা গেলে উৎপাদন খরচ কমবে এবং কৃষক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে পারলে তাদের অভাব থাকবে না। একই সঙ্গে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেই দেশের মানুষ শান্তিতে থাকবে।


শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করলেও এর অর্থ এই নয় যে দেশ পরিচালনায় অন্যের ওপর নির্ভর করতে হবে। আজ দেশের সন্তানরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অথচ বিদেশিরা চাকরি পাচ্ছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


আব্দুস সালাম আরও বলেন, মুক্তিযুদ্ধ কিংবা ধর্মের নামে দেশকে বিভাজন করা বিএনপির রাজনীতি নয়। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেই বাংলাদেশ—এই দেশ সবার।


গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন মন্ডল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিকসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা।


অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।