বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › শরীফ ওসমান হাদি ও লক্ষ্মীপুরে আগুনের ঘটনায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, ঘটনার তদন্তের নির্দেশ

শরীফ ওসমান হাদি ও লক্ষ্মীপুরে আগুনের ঘটনায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, ঘটনার তদন্তের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
শরীফ ওসমান হাদি ও লক্ষ্মীপুরে আগুনের ঘটনায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, ঘটনার তদন্তের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এ ছাড়াও, শনিবার ভোরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে নির্বাচন কমিশন (ইসি) এই দুই ঘটনাকে আপাতত বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।


শনিবার (১৩ ডিসেম্বর) কালের কণ্ঠের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, কমিশন সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “এই স্পেসিফিক ঘটনার একটি তদন্ত দরকার। কে বা কারা জড়িত ছিল, উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের পরে প্রতিক্রিয়া জানানো হবে।”


নির্বাচন কমিশনার আরও জানান, যেহেতু তফসিলের সঙ্গে ঘটনাগুলো প্রায় সময়গতভাবে মিলে গেছে, তাই অনেকেই মনে করতে পারেন যে এগুলো নির্বাচনের পরিবেশ ভঙ্গ করার প্রচেষ্টা। তবে কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো অনুমান করছে না এবং ঘটনার প্রকৃত তথ্য বের হওয়ার পরই প্রতিক্রিয়া জানানো হবে।


লক্ষ্মীপুরের আগুনের ঘটনাকে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা এই বিষয়টাও জানি। তবে এটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধায়নে কাজ করছে, কিন্তু এর অর্থ আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে না এমন নয়। যদি কোনো ঘটনা নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে।”


এর আগে নির্বাচনের নিরাপত্তা বিষয়ক পুলিশি ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ওসমান হাদির ওপর হওয়া গুলির ঘটনায় পুলিশের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে। পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।”