শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › মালয়েশিয়ায় বিএসওএমের ২০২৫–২৬ সালের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় বিএসওএমের ২০২৫–২৬ সালের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

favicon
মালয়েশিয়ার প্রতিবেদক
মালয়েশিয়ায় বিএসওএমের ২০২৫–২৬ সালের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)–এর ২০২৫–২৬ মেয়াদের ১৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।


সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি (মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক আদিবা আহমেদ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া—ইউপিএম) স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএসওএমের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।


পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়।


নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ রহমান, তৌপাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম।


সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসবীর হোসাইন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহাদ ইসলাম। ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমা আকতার।


শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলা আকতার এবং যুগ্ম শিক্ষা সম্পাদক হয়েছেন আবিদা সুলতানা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন সাইয়েরাহ জামান। মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাওন আহমেদ।


ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামানুল ইসলাম, আর যুগ্ম ক্রীড়া সম্পাদক হয়েছেন সাকিব মিয়া ও সাব্বির রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাবরিনা সুচনা এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ফারিয়া ইসলাম।


আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আল নাহিদ ও জারিন তাসনীম। ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক হয়েছেন সুমাইয়া আকতার ও আদিবা চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীয়তুল্লাহ।


মালয়েশিয়ার ৪৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলিয়ে মোট ১৫৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।


পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন,

“এই কমিটির প্রতিটি সদস্য সংগঠনের গুরুত্বপূর্ণ শক্তি। এখান থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব, সংগঠন পরিচালনা, ভলান্টিয়ারিং ও নেটওয়ার্কিংয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।”


সাধারণ সম্পাদক আদিবা আহমেদ বলেন,

“মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহযোগিতামূলক, নিরাপদ ও ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যেন নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে পারে—সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব।”


উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে আসছে।