ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানের সামনে অটোরিকশার ধাক্কা, সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি ফলের দোকানের সামনে অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, চানমনিপাড়ার বাসিন্দা রওশন আলীর ছেলে ইউসুফের ফলের দোকানের সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি সরানোর সময় দোকান ও নূর আলম নামের এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে বিষয়টি দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ মোতায়েন আছে।