আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন: ২০২৬ থেকে পেপার বেসড পরীক্ষা বন্ধ, কলম বাধ্যতামূলক
বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। ইংরেজি ভাষা দক্ষতার জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই পরীক্ষা পড়াশোনা, কাজ বা অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে আগ্রহীদের জন্য বাধ্যতামূলক।
বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশন সম্প্রতি অফিসিয়ালি ঘোষণা করেছে, যে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে পেপার বেসড (Paper-Based) পরীক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
যারা ফেব্রুয়ারির পর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারা অতিরিক্ত কোনো ফি ছাড়াই তাদের পরীক্ষাকে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় (CDT – Computer Delivered Test) পরিবর্তন করতে পারবেন।
আইইএলটিএস পরীক্ষার আগে লিসেনিং ও রিডিং অংশে পেনসিল ব্যবহার বাধ্যতামূলক ছিল, আর রাইটিং অংশে পরীক্ষার্থীরা পেনসিল বা কলমের যেকোনো একটি ব্যবহার করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী লিসেনিং, রিডিং ও রাইটিং—এই তিনটি অংশেই পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে; পেনসিল ব্যবহার করা যাবে না।
ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরিবর্তনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।