সাতছড়ি তেলিয়াপাড়ায় কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ২ কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। স্থানটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে অবস্থিত।
অভিযানকালে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে কাঠের গোড়ার বস্তার আড়ালে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। পরে ভ্যানটির পেছনে থাকা একটি গোপন বাক্স তল্লাশি করেও অতিরিক্ত ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, চোরাচালান দমন শুধু অপরাধ দমনে নয়, বরং দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজিবির এসব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।