বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নতুন আলোচনা, কাজী নাজমুল হোসেন তাপসের নামে ফরম উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নতুন আলোচনা, কাজী নাজমুল হোসেন তাপসের নামে ফরম উত্তোলন

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নতুন আলোচনা, কাজী নাজমুল হোসেন তাপসের নামে ফরম উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফরম উত্তোলন করা হয়।


জানা গেছে, এ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। তবে মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ এর বিরোধিতা করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।


এরই মধ্যে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগেই জেলা বিএনপির অর্থ সম্পাদক ও নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের সন্তান কাজী নাজমুল হোসেন তাপসের নামে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।


নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, আসন্ন সংসদ নির্বাচনের জন্য এটিই প্রথম মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। তাপসের নামে ফরমটি উত্তোলন করেন মাইনুদ্দিন মাইনু নামের এক ব্যক্তি।


এ বিষয়ে তাপসের অনুসারী ও সাবেক মেয়র বিএনপি নেতা মাইনুদ্দিন মাইনু বলেন, মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে জানানো হয়েছে যে তাপস নির্বাচন করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন তাপসই পাবেন।


এদিকে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, এটি নবীনগরের ২১ ইউনিয়নের নেতাকর্মীদের ভালোবাসার প্রতিফলন। তবে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলেও জানান এবং আশা প্রকাশ করেন, দল ও এলাকাবাসীকে শেষ পর্যন্ত হতাশ করা হবে না।