সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত, আহত ১
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে পৃথক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান এবং একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এই ঘটনায় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে ওপার থেকে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমানের মৃত্যু হয় এবং মোশাঈদ আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন। এর প্রায় এক ঘণ্টা পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় ইয়াকুব উদ্দিন গেলে খাসিয়ারা তাকে লক্ষ্য করেও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে প্রাণ হারানোর পর তার স্বজনরা সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।