বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশহাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে পুলিশি পাহারা

হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে পুলিশি পাহারা

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে পুলিশি পাহারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত কার্যালয় অভিমুখে ‘আধিপত্যবাদবিরোধী ঐক্যজোটের’ লং মার্চকে কেন্দ্র করে উত্তজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়।


হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার ও শুক্রবার রাতে খুলনার শিববাড়ী মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা। এতে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনারের বাসভবন এবং প্রধান কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্ছিদ্র পাহারায় ছিল গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলো।


এদিকে, শুক্রবার খুলনার শিববাড়ী মোড়ে ‘বিপ্লবী ছাত্র-জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), কুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাদির স্মরণে দোয়া ও জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।