জয়পুরহাটে সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের তৎপরতা: বিজিবির তীব্র প্রতিবাদ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উছনা সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত তৎপরতা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে ভেস্তে যায়। এ নিয়ে ওই একই স্থানে পরপর তিনবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাল বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় বিএসএফ বেড়া দেওয়ার কাজ শুরু করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে আন্তর্জাতিক সীমান্ত আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে জোরালো বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে পিছু হটে।
এ ঘটনার পর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি এই আইন লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়। বিএসএফের পক্ষ থেকে ভবিষ্যতে বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং ইতিমধ্যে স্থাপিত অংশটুকু সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন সংবাদমাধ্যমকে জানান, বিএসএফের যেকোনো অনধিকার চর্চা রুখতে বিজিবি সর্বদা প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।