বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিন ক্লাস–পরীক্ষা স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিন ক্লাস–পরীক্ষা স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিন ক্লাস–পরীক্ষা স্থগিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের শোকবার্তায় জানানো হয়, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কার্যক্রম জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য স্মরণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।


উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।


এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।