ইউটিউবকে ছাড়িয়ে আয়ের ইঙ্গিত: এক্সে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় বার্তা ইলন মাস্কের
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের আয়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক এবং এক্স (সাবেক টুইটার)-এর প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, খুব শিগগিরই এক্স প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে ইউটিউবের তুলনায় বেশি আয় করা সম্ভব হতে পারে।
সম্প্রতি এক্সে এক ব্যবহারকারীর পোস্টের প্রতিক্রিয়ায় মাস্ক এ মন্তব্য করেন। তিনি জানান, সঠিক নীতিমালা ও স্বচ্ছ মনিটাইজেশন ব্যবস্থা কার্যকর করা গেলে কনটেন্ট ক্রিয়েটরদের পেমেন্ট উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। বিষয়টি নিয়ে এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশও দিয়েছেন তিনি।
বর্তমান মনিটাইজেশন ব্যবস্থার সীমাবদ্ধতা স্বীকার করে ইলন মাস্ক বলেন, এখনো এক্স কনটেন্ট ক্রিয়েটরদের যথাযথ পারিশ্রমিক দিতে পারছে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইউটিউবের পেমেন্ট সিস্টেম তুলনামূলকভাবে বেশি সুসংগঠিত ও কার্যকর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক্স-এর রেভিনিউ শেয়ারিং মডেলে বড় পরিবর্তন আনা হবে বলে জানান তিনি।
মাস্ক আরও স্পষ্ট করেন, নতুন পেমেন্ট ব্যবস্থায় ভুয়া এনগেজমেন্ট বা সিস্টেমের অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র প্রকৃত ভিউ, আসল দর্শক এবং মানসম্মত কনটেন্টের ভিত্তিতেই আয়ের পরিমাণ নির্ধারণ করা হবে। এসব শর্ত পূরণ হলে এক্স-এ ক্রিয়েটরদের আয় ইউটিউবের চেয়েও বেশি হতে পারে বলে তার দাবি।
এই ঘোষণার ফলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। ইউটিউবের পাশাপাশি এক্স একটি শক্তিশালী বিকল্প আয়ের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে, বিশেষ করে ছোট ও মাঝারি পর্যায়ের ক্রিয়েটরদের জন্য। একই সঙ্গে টেক্সট, ছবি ও ভিডিও—সব ধরনের কনটেন্ট থেকেই আয় করার সুযোগ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, ইলন মাস্কের এই মন্তব্য ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এক্স কবে এবং কীভাবে এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেয়।