ঘন কুয়াশায় নদীপথে সতর্কতা, নৌযান চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ
দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন নদী অববাহিকায় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করতে পারে। এ সময় দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কমে যেতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ পরিস্থিতিতে কোনো ধরনের নৌ-সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।