জকসু নির্বাচন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভোট প্রদানকারী শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে ঢুকতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া নির্বাচন চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।
নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত একটি মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে। পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নন—এমন কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে।