সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট, ৫ জন পলাতক

হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট, ৫ জন পলাতক

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট, ৫ জন পলাতক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।


তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও পাঁচজন পলাতক রয়েছে।


হাদি হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে জানান ডিবিপ্রধান। তিনি আরও বলেন, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিও বার্তা দিতে পারেন, তবে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) অভিযোগ যুক্ত করার নির্দেশ দেন।