শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিঅপোর অধীনে সাব-ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে রিয়েলমি ও ওয়ানপ্লাস

অপোর অধীনে সাব-ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে রিয়েলমি ও ওয়ানপ্লাস

favicon
ভোরের আলো ডেস্ক:
অপোর অধীনে সাব-ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে রিয়েলমি ও ওয়ানপ্লাস

স্মার্টফোন শিল্পে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। এক প্রতিবেদনে টাইমস নাও জানিয়েছে, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ও ওয়ানপ্লাস এখন থেকে অপোর অধীনে সাব-ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে।


প্রতিবেদন অনুযায়ী, কার্যক্ষমতা বাড়ানো ও ব্যয় কমানোর লক্ষ্যেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোর আওতায় গবেষণা ও উন্নয়ন (R&D), গ্রাহক সেবা এবং লজিস্টিক ব্যবস্থায় একীভূত কার্যক্রম চালু করা হবে।


লেই ফেং নেটওয়ার্কের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যদিও রিয়েলমি ও ওয়ানপ্লাস অপোর অধীনে পরিচালিত হবে, তবে দুটি ব্র্যান্ড নিজস্ব বাজার কৌশল ও আলাদা ব্র্যান্ড পরিচয় বজায় রাখবে।


নতুন কাঠামোতে নেতৃত্বের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। রিয়েলমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি সব সাব-ব্র্যান্ডের সামগ্রিক কার্যক্রম তদারক করবেন। অন্যদিকে, চীনে ওয়ানপ্লাসের নেতৃত্বে থাকবেন লি জিয়ে।

এছাড়া অপোর অধীনে রিয়েলমি ও ওয়ানপ্লাস পরিচালিত হওয়ায় আলাদা আফটার-সেলস ও লজিস্টিকস টিম রাখার প্রয়োজন হবে না। এতে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বর্তমান মেমরি চিপ সংকট মোকাবেলায় অপোর সার্ভিস নেটওয়ার্ক ও ইঞ্জিনিয়ারিং রিসোর্স একীভূতভাবে ব্যবহার করা সম্ভব হবে।